বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি নবায়ন

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২৩  
শিশু-কিশোরদের বই পড়ার চর্চাকে উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে চুক্তি নবায়ন করেছে গ্রামীণফোন। এই চুক্তির ফলে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও খুলনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনে সহায়তা করবে গ্রামীণফোন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘ আমি আশা করি, এই বই পড়া কর্মসূচি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পৌঁছে যাবে এবং আলোকিত মানুষ গড়ার মাধ্যমে সমাজের অসমতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, ২০১৪ সালে গ্রামীণফোন ও বিশ্বসাহিত্য কেন্দ্র ‘আলোর পাঠশালা’ নামক ডিজিটাল লাইব্রেরি তৈরি করে। যেখানে বিনামূল্যে বই পড়া ও ডাউনলোডের সুবিধা রয়েছে। এই ডিজিটাল লাইব্রেরিটিতে পাঁচশ’রও বেশি বই রয়েছে। এখন পর্যন্ত, এই ওয়েবসাইট www.alorpathshala.org থেকে ১৫ লাখেরও বেশি বই ডাউনলোড করা হয়েছে।